Welcome To
KISHALAYA SCHOOL
এক শহর যেখানে মানুষ আর প্রকৃতি এক হয়ে যায়। যেখানে আপনার সন্তানদের ঘিরে রয়েছে সবুজের অপূর্ব রাজ্য। পাহাড়ের মাঝে নদীর জলের শব্দে, চাষের জমির বিস্তারে এই জায়গা হয়ে উঠেছে অপরূপ। এখানে মন, শরীর ও আত্মা এই তিনের মেলবন্ধন ঘটে অনায়সে।
পৃথিবীর নানা প্রান্ত থেকে ছুটে আসে পর্যটকেরা। স্বর্গের টুকরো এই ছোট্ট শহরের নাম মালবাজার, উত্তরবঙ্গের ডুয়ার্সের এক অবিচ্ছেদ্য ও অপূর্ব অংশ। এই অনন্যসুন্দর শহরেই রয়েছে এক আধুনিকমনস্ক স্কুল যা ছোট ছোট চোখের বড় বড় স্বপ্নগুলি পূরণ করতে চায়।
কিশলয়ে আপনাদের সবাইকে স্বাগত। এ এমন এক জায়গা যেখানে ছোট ছোট পিঠে পড়াশোনার নামে বোঝা চাপিয়ে দেওয়া হয় না। শিক্ষাগ্রহণের যে শক্তি তাকে শিশুদের মধ্যে জাগিয়ে দেওয়া হয় খেলার ছলে, আনন্দের মধ্যে দিয়ে। আনন্দের প্রতিটি মুহুর্ত উপভোগ করতে করতে শিক্ষার এই অসীম শক্তিকে আহরিত করতে থাকে শিশুরা।
কিশলয় শব্দটির অর্থ হচ্ছে কচি পাতা। নতুন জন্মের প্রতীক। আমাদের দায়িত্ব এই নতুন কচি পাতাগুলো শুধু পড়াশোনায় শিক্ষিত হোক তাই নয়, তারা যেন ভালো মানুষ হয়ে ওঠে। কচি পাতার ছোট্ট গাছ থেকে বেড়ে সে যেন এক বটবৃক্ষে পরিণত হয়ে ওঠে যে সমাজের পাশে দাঁড়ায়, প্রকৃতির পাশে দাঁড়ায়।
আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি গত ত্রিশ বছরেরও বেশি সময় ধরে, শিক্ষা ও নীতির এক শক্ত ভিত তৈরি করার। শিক্ষাদানের ক্ষেত্রে জাতি লিঙ্গ বর্ণ ধর্মের কোন ভেদাভেদ না করে সকলকে সমান চোখে দেখা হয়। এখানে সব শিশুই ঈশ্বরের অংশ। এখানে ছাত্রছাত্রীরা খেলাধুলা করে একসাথে, শিক্ষা গ্রহণ করে একসাথে এবং বড় হয়ে উঠে একসাথে। এক বৃহত্তর স্বপ্নের সৈনিক এরা। সফল প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক হতে প্রস্তুত তারা, আমাদের লক্ষ্য আরো বড়, আরো মহৎ। আমাদের লক্ষ্য তাদের শুধু ছাত্র রূপেই তৈরী করে তোলা নয়, বরং ভালো মানুষ তৈরী করা।
